• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম


যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ল ৫০ কোটি পাউন্ডের বেশি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ আগস্ট ২০২৬ ৮:৪৫ পিএম

যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি এক বছরে ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশটিতে বাংলাদেশ ৩৮০ কোটি পাউন্ডের পণ্য রপ্তানি করেছে। আগের বছরের তুলনায় যা ৫০ কোটি ৫০ লাখ পাউন্ড বেশি।

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেডের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, একই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রপ্তানি কমেছে ২ দশমিক ৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, এক বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ কোটি পাউন্ড। আগের বছরের তুলনায় যা ১২ শতাংশ বেশি।

যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানির প্রধান পণ্য তৈরি পোশাক। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশটি বাংলাদেশ থেকে ৩৩০ কোটি পাউন্ডের তৈরি পোশাক আমদানি করেছে। আগের বছরের তুলনায় যা ১৫ দশমিক ৫ শতাংশ বেশি।

অন্যদিকে, একই সময়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ৭০ কোটি পাউন্ডের পণ্য ও সেবা এসেছে। এতে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩১০ কোটি পাউন্ড, যা আগের বছরের ২৬০ কোটি পাউন্ডের তুলনায় বেড়েছে।

/এএসএফ