মালয়েশিয়ায় দুই দিনব্যাপী বড় ধরনের অভিযান চালিয়ে ১ হাজার ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক। তাদের সংখ্যা ৩৭০ জন।বুধবার (১২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস।প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (১০ আগস্ট) থেকে শুরু হওয়া এ অভিযানে বিভিন্ন আবাসিক এলাকা এবং অভিবাসীদের বসবাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চালানো হয়। ‘অপ সাসার’ নামে পরিচালিত এ অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়েছে।মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের মধ্য থেকে ১ হাজার ৪৩ জনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে ৩৭০ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩২৮ জন এবং মিয়ানমারের ১৮৩ জন নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের অধিকাংশই পুরুষ। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।মঙ্গলবার (১১ আগস্ট) রাতে স্থানীয় সময় সুতেরামাস অ্যাপার্টমেন্টে অভিযান চলাকালে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকারিয়া শাবান বলেন, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশিদের বসবাসের এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি জানান, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহারের মতো অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।অভিযান চলাকালে তদন্তে সহায়তার জন্য ৪৫ জন মালয়েশীয় নাগরিককে সাক্ষী হিসেবে সমন দেওয়া হয়েছে। তাদের মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিকরাও রয়েছেন।জাকারিয়া শাবান বলেন, বিদেশিদের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বাড়ায় বর্তমানে সারা দেশে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়টির বেশি অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ।মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, চলতি বছর এ পর্যন্ত ৩১ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া জুলাই পর্যন্ত প্রায় ২৮ হাজার বিদেশিকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।অন্যদিকে, অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে সরকার ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ চালু রেখেছে বলেও জানান তিনি।জাকারিয়া শাবান বলেন, এ কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করলে তাদের নিরাপদে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।তিনি আরও বলেন, অবৈধ অভিবাসী বা ‘পাটি’ সমস্যার নিয়ন্ত্রণ এবং বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থানকারীদের সংখ্যা কমাতে অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস
/বিএসএস