• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম


কুয়েতে মার্কিন তিন সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু ড্রোন হামলা চালাল ইরান!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১১:১৩ পিএম

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে দফায় দফায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির দাবি, হামলায় গোলাবারুদ ও রসদ সংরক্ষণাগার এবং জ্বালানি মজুত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক আগ্রাসনের জবাবে চলমান অভিযানের সর্বশেষ ধাপ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে ইরানের সেনাবাহিনী দাবি করে, আল দোহা ঘাঁটির গোলাবারুদ ও রসদ সংরক্ষণাগার, আলি আল সালেম বিমানঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংক এবং ক্যাম্প আরিফজানের একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনী আরও দাবি করেছে, বিশ্বের সবচেয়ে নির্মম শত্রুর মোকাবিলায় দেশটির শক্তি ও প্রতিরোধক্ষমতা অটুট রয়েছে।

এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আবদুলআজিজ এক বিবৃতিতে বলেন, ইরাক সীমান্তসংলগ্ন আবদালি সীমান্ত ক্রসিং এলাকায় হামলায় কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

সূত্র: ইরনা

/এএসএফ