• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম


দিল্লিতে ইন্টারনেট বন্ধ, ধরপা/কড়ের শ/ঙ্কায় আন্দোলনরত শিক্ষার্থীরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১০:৩৮ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে যন্তর মন্তর এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

তবে এমন আশঙ্কার কথা নাকচ করে দিয়েছে দিল্লি পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রাতে আন্দোলন দমনে কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই। একই সঙ্গে যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বানও জানানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিচ্ছিন্ন সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত যন্তর মন্তরকে কেন্দ্র করে দেড় কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাত থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনস্থলের আশপাশে শক্তিশালী মোবাইল জ্যামার চালু করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় দিল্লির বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) পদমর্যাদার দুজন কর্মকর্তাও রয়েছেন। এছাড়া মঙ্গলবার কনট প্লেস এলাকায় র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (র‌্যাফ) এক সদস্যের ওপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগও উঠেছে।

আন্দোলনকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় যন্তর মন্তর এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যাতেও বিক্ষোভস্থলের আশপাশে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া যায়।

সন্ধ্যার আগেই বন্ধ কনট প্লেসের দোকানপাট

নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই দিল্লির বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেস (রাজীব চক) এলাকার অধিকাংশ দোকান, অফিস ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়।

নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্মকর্তাদের পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান আন্দোলনের কারণে এলাকায় অতিরিক্ত জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা, সম্পদের ক্ষয়ক্ষতি এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল ভার্গব বলেন, কনট প্লেস এলাকায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। কর্মচারী ও ক্রেতাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এসএন