• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম


আমদানি-রপ্তানি বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৮:৪৯ এএম

দ্বিপক্ষীয় খাদ্যপণ্য বাণিজ্য আরও সহজ, গতিশীল ও সম্প্রসারণে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে দুই দেশ।

রোববার (১২ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)-এর চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সফরকালে তারা বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ওই বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের মধ্যে খাদ্যপণ্য বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া বক্তব্যে টিসিপি চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার ও ভোজ্যতেল রপ্তানি করতে আগ্রহী।

অন্যদিকে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় পাকিস্তান। দেশটিতে এসব পণ্যের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

দুই দেশের এই উদ্যোগের মাধ্যমে খাদ্যপণ্য ও কৃষিভিত্তিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

/এএসএফ