তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘কান’ (KAAN)-এর বিভিন্ন প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান ও তুরস্ক। দুই দেশের এই উদ্যোগকে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবিত চুক্তির আওতায় ‘কান’ যুদ্ধবিমানের ‘কান–পিকে’ (KAAN-PK) সংস্করণের জন্য উন্নত অ্যাভিওনিক্স (বিমানচালনা-সংক্রান্ত ইলেকট্রনিক্স) এবং আধুনিক রাডার ব্যবস্থা যৌথভাবে উৎপাদন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই সহযোগিতা বাস্তবায়িত হলে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা শিল্পের মধ্যে প্রযুক্তি বিনিময় আরও জোরদার হবে। একই সঙ্গে উভয় দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, এই যৌথ উৎপাদন ও প্রযুক্তিগত সহযোগিতার মূল চুক্তি ২০২৬ সালের মধ্যেই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ‘কান’ যুদ্ধবিমান প্রকল্পে পাকিস্তানের অংশগ্রহণ তুরস্কের নিজস্ব যুদ্ধবিমান কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।
/এএসএফ