• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম


ঢামেকের ৮০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান; তুললেন সেলফি, উদ্বোধন করলেন নানা কর্মসূচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ১:৩৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্যখাতের আধুনিকায়ন বিষয়ে আয়োজিত বিশেষ আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন সরকারপ্রধান।

শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজেরই সাবেক শিক্ষার্থী।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে উপস্থিত শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের একপর্যায়ে তাকে উপস্থিত সবার সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়, যা আয়োজনটিতে আরও উৎসবের আবহ তৈরি করে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নির্মিতব্য দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজন থেকে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারপ্রধানের পক্ষ থেকে একাধিক নতুন প্রকল্প ঘোষণার কথা রয়েছে।

/এসএন