• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম


অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১১:২৩ পিএম

বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার এবার মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে আরও সক্ষম করে তুলতে কাজ করছে। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। একই সঙ্গে মেয়েদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষার ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করতে চাই। ডিগ্রি বা অনার্স পর্যন্ত।”

প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদের গ্যালারিতে উপস্থিত অনেক নারী শিক্ষার্থী সরাসরি অধিবেশন দেখছেন। তাদের উদ্দেশে তিনি জানান, সরকার অনার্স পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার পাশাপাশি যেসব শিক্ষার্থী ভালো ফল করবে, তাদের জন্য স্কলারশিপ চালুরও পরিকল্পনা করেছে।

পরে মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও নতুন উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে তাদের স্কুল-ব্যাগও দেবো।”

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, “আমি সব সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় আছে; এসব বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখের মতো বাচ্চা আছে। আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সব বাচ্চাদের কাছেই পৌঁছানোর চেষ্টা করবো।”

/এসএন