জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন তারেক রহমানজাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে অংশ নিতে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও উচ্চপর্যায়ের সফরসঙ্গীরা।নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রাসহ তাঁকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতাদের জন্য স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী। নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর জাতিসংঘকেন্দ্রিক আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এসব আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পেতে পারে।আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ হবে। তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।সফরকালে জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের আয়োজনে কয়েকটি সাইড ইভেন্টেও তিনি অংশ নেবেন।
সূত্র: বাসস, বিডিনিউজ২৪ ও প্রথম আলো
/বিএসএস