জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের ফাঁকে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা ঘণ্টার বৈঠকটি জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনের ৩৪তম তলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি দুই দেশের সরকারপ্রধানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে।বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে।নিউইয়র্ক সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে তারেক রহমানের।
/বিএসএস