• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম


সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে দেখা প্রধানমন্ত্রী, নিলেন পড়ালেখার খোঁজখবর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ১২:০০ এএম

জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে নিজেদের এখন থেকেই প্রস্তুত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

দুপুরে তারা জাতীয় সংসদ ভবনে এসে ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। এছাড়া সংসদ লাইব্রেরি পরিদর্শনের পাশাপাশি ভবনের বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।

এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।

সূত্র: বাসস

/এএসএফ