পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি থেকে মানুষ যেমন উপকার ভোগ করে, তেমনি এসব সৃষ্টি সংরক্ষণ ও পরিচর্যা করাও মানবসমাজের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য বা ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য। বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, “তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।”
এই আয়াতের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য ও গৃহপালিত প্রাণী—অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশ ও প্রতিবেশের সবকিছুই আল্লাহর সৃষ্টি এবং মানুষের কল্যাণের জন্য নির্ধারিত।
তিনি আরও বলেন, প্রকৃতি থেকে শুধু সুবিধা গ্রহণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। মানুষ হিসেবে প্রকৃতির প্রতিটি সৃষ্টির যথাযথ যত্ন ও পরিচর্যা করা সবার নৈতিক দায়িত্ব।
বিজ্ঞানের অগ্রগতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। এই পরিবেশব্যবস্থার নিরাপদ সংরক্ষণ ও বিকাশের ওপরই মানুষের নিরাপদ ভবিষ্যৎ নির্ভর করে।
তিনি বলেন, পরিবেশ রক্ষা কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষারও অপরিহার্য অংশ। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
/এএসএফ