• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম


১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানাল আন্তঃশিক্ষা বোর্ড

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুলাই ২০২৬ ৮:৫৪ পিএম

দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের ১৬টি জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ অবস্থায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বোর্ড জানিয়েছে, দেশের কোথাও বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগজনিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে পরীক্ষার্থী ও অভিভাবকদের অযথা উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ১৬ জেলায় বন্যার পূর্বাভাসের বিষয়টি বোর্ডের নজরে রয়েছে। কোনো এলাকায় পরিস্থিতির অবনতি হলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রয়োজনে পরীক্ষার্থীদের নিরাপদ স্থানে, বিশেষ করে পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি আশ্রয় নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিচু এলাকার কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

/এএসএফ