• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম


ভারি বৃষ্টিতে রেললাইনে পানি, চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ সাময়িক বন্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুলাই ২০২৬ ৮:৫০ পিএম

টানা ভারি বৃষ্টিতে রেললাইনে পানি উঠে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে কক্সবাজারগামী ও চট্টগ্রামমুখী দুটি ট্রেন মাঝপথে আটকে রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় আটকে আছে। অন্যদিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামের পথে জান আলি হাট স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অ্যাসিস্ট্যান্ট অপারেটিং সুপারিনটেনডেন্ট আবু বকর ছিদ্দিকী জানান, ভারি বৃষ্টির কারণে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় ষোলশহর এলাকা থেকে কক্সবাজারের দিকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘রেললাইন পানির নিচে চলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না। আপাতত ষোলশহর থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক করা হবে।’

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির পানি নেমে গিয়ে রেললাইন নিরাপদ হওয়ার পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।

/এএসএফ