• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম


হাত নেই, তবু হার মানেননি পলি; পা দিয়ে লিখেই দিচ্ছেন এইচএসসি পরীক্ষা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুলাই ২০২৬ ১২:৫৬ এএম

জন্মগত শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার পলি রানী (১৮)। হাতের বদলে ডান পা দিয়ে লিখেই পরীক্ষা দিচ্ছেন তিনি। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলা এই শিক্ষার্থী এখন অনেকের জন্যই অনুপ্রেরণার নাম।

পলি রানী উপজেলার গদাই গ্রামের বাসিন্দা। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী পলি এবার কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পলির মা রুপালী রানী জানান, ছোটবেলাতেই বাবাকে হারাতে হয়েছে পলিকে। জন্ম থেকেই তার হাতের আঙুল নেই এবং হাত ছোট ও বাঁকা হওয়ায় কলম ধরতে পারেন না। তবে শারীরিক সীমাবদ্ধতা কখনোই তার স্বপ্নকে থামাতে পারেনি। ছোটবেলা থেকেই ডান পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন তিনি। দীর্ঘদিনের অনুশীলনের ফলে এখন স্বাভাবিকভাবেই লিখতে পারেন।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সহপাঠীদের উপহাসের মুখে পড়তে হয়েছিল পলিকে। তবে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠেন তিনি। সময়ের সঙ্গে সহপাঠীরাও তাকে আপন করে নেয়। পঞ্চম শ্রেণিতে এ গ্রেড অর্জনের মাধ্যমে নিজের মেধার স্বাক্ষর রাখেন পলি। পরে কাউনিয়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতেও এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হন।

পলি রানী বলেন, তার স্বপ্ন একজন প্রশাসনিক কর্মকর্তা হওয়া। মানুষের সেবা করাই তার জীবনের প্রধান লক্ষ্য। তার বিশ্বাস, দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই মানুষের স্বপ্নপূরণের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে না।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ জানান, পলি কখনো নিজের প্রতিবন্ধকতাকে অজুহাত বানাননি। তিনি নিয়মিত ক্লাস করেছেন, পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং ভদ্র ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে শিক্ষক-সহপাঠীদের কাছে পরিচিত।

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী হিসেবে পলির জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে পলি রানীর পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তার উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করে বোর্ডে পাঠানো হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

/এএসএফ