• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম


নির্বাচনে অংশ নিতে চাইলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুলাই ২০২৬ ৭:৪৪ পিএম

আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষক যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে আগে চাকরি থেকে ইস্তফা দেওয়া উচিত।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে আইন প্রণয়নের জন্য তিনি সুপারিশ করবেন। তার ভাষায়, কোনো শিক্ষক যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে তিনি যেন আগে চাকরি থেকে ইস্তফা দেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে সরকার যে বিনিয়োগ করছে, তা যথাযথভাবে কাজে লাগানোই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী এ উদ্দেশ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন। তবে এই উদ্যোগের সফলতা শিক্ষাসংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভর করছে।

মন্ত্রী বলেন, যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে দাতা দেশগুলোর প্রতি বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাপ্ত সহায়তা যেন যথাযথভাবে ব্যবহার করা যায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন আনতে সরকার শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করেছে। অনুষ্ঠানে বক্তারাও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন (জিপিই) কর্মসূচির আওতায় বাংলাদেশের শিক্ষা খাতের জন্য প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে।

/এসএন