• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৬ এএম


জুলাই থেকেই বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুন ২০২৬ ৫:০৯ পিএম

মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া হবে। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন শিক্ষকসংকট থাকায় এসব পদে নিয়োগ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তার ভাষ্য, অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগগুলোর একটি।

তবে তিনি বলেন, নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও অন্তর্বর্তী সরকার বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখেনি। সরকার দায়িত্ব গ্রহণের পর দেখা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন পরিশোধে প্রায় ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেই অর্থের সংস্থান ছিল না। এ কারণেই মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি।

শিক্ষামন্ত্রী আশ্বস্ত করে বলেন, জুলাই মাস থেকে নিয়মিত বেতন প্রদান শুরু হবে এবং একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দল-মতের ঊর্ধ্বে উঠে জীবন পরিচালনা করতে হবে। এ সময় তিনি সংসদে জামায়াতে ইসলাম এবং ইসলাম বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষার্থীদের ইসলামের মূল আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

/এসএন