• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম


নিউইয়র্কে প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ডসহ সাত সম্মাননা পেলেন বাংলাদেশি কিশোরী নুসরাত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ জুলাই ২০২৬ ৮:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ‘নলেজ অ্যান্ড পাওয়ার একাডেমি’ স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নম্বর অর্জন করে ‘ভেলেডিক্টোরিয়ান’ (সেরা শিক্ষার্থী) নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী সৈয়দা নুসরাত জাহান।

শুধু শ্রেণিতে প্রথম হওয়াই নয়, শিক্ষায়তনিক ও সার্বিক কার্যক্রমে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড’। পাশাপাশি সিভিক অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড, সিনেট অ্যাওয়ার্ডসহ মোট সাতটি সম্মাননায় ভূষিত হয়েছেন এই মেধাবী শিক্ষার্থী।

সৈয়দা নুসরাত জাহানের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া খন্দকার বাড়িতে। তিনি নিউইয়র্কের পরিচিত কমিউনিটি অ্যাকটিভিস্ট, শিক্ষক ও সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ এবং জোবায়েদা জেসমিন সোহেলি দম্পতির ছোট মেয়ে।

নুসরাতের এই অসাধারণ সাফল্যে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নুসরাত বলেন, ‘আমি ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশ এবং প্রবাসের অবহেলিত মানুষের সেবা করতে চাই। শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য।’

মেয়ের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন তার বাবা অধ্যাপক সৈয়দ আজাদ। তিনি বলেন, ‘আমার বড় মেয়ে সৈয়দা নূর-ই জান্নাতও এর আগে অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছে। মূলত বড় বোনের সাফল্য ও অনুপ্রেরণাই ছোট মেয়ের এই অর্জনের পথ সুগম করেছে।’

তিনি আরও বলেন, সন্তানরা যেন মানবিক মূল্যবোধ নিয়ে বড় হতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছেন।

/এএসএফ