চলতি ফিফা বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের নাটকীয় জয়ের পর জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টকে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো খোঁচা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে ক্লেমেন্ট তার গাণিতিক মডেলের পূর্বাভাসে বলেছিলেন, জাপান ব্রাজিলকে হারিয়ে দেবে। পাশাপাশি তিনি এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে নেদারল্যান্ডসের নামও উল্লেখ করেছিলেন।
তবে সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিলের এই জয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নেইমার ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, ‘মি. জোয়াকিম ক্লেমেন্ট… অনুগ্রহ করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’
কয়েক ঘণ্টা পর আরেকটি ম্যাচে নেদারল্যান্ডস টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলে দ্বিতীয়বারও মন্তব্য করেন নেইমার। তিনি লেখেন, ‘আপনি আবারও ভুল করলেন।’
জোয়াকিম ক্লেমেন্ট এর আগে ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে সঠিকভাবে পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন।
তবে এবারের বিশ্বকাপের পূর্বাভাস প্রকাশের সময় তিনি নিজেই সতর্ক করে বলেছিলেন, কোনো গাণিতিক মডেল শতভাগ নির্ভুল হতে পারে না এবং তার পূর্বাভাসকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখারও প্রয়োজন নেই।
ক্লেমেন্টের মডেলে ফুটবলীয় পরিসংখ্যানের পাশাপাশি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, সমাজে ফুটবলের অবস্থান এবং ফিফা র্যাংকিংসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করা হয়।
এদিকে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোটের কারণে চলতি আসরে খুব বেশি খেলতে পারেননি। এখন পর্যন্ত তিনি কেবল স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছেন।
সূত্র: ইএসপিএন
/এএসএফ