রাজধানীর হাতিরপুল এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জাল নোট সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের কাছে একটি চক্র বিপুল পরিমাণ জাল নোট সরবরাহ করতে যাচ্ছে। খবর পাওয়ার পরপরই সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
মীর আসাদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ধারণা, তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরো নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।’
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় জাল নোট তৈরি ও সরবরাহ করে আসছিল।
ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এএসএফ