• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ এএম


মোরগ পোলাওয়ের প্যাকেটে মিলল আস্ত ব্যাঙ, দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৪:৪৯ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের একটি প্যাকেটের ভেতর আস্ত একটি ব্যাঙ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট খাবারের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ জুন) বিকেলে রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি খাবারের দোকান থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের জন্য খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই খাবারের মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এ ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত শুরু করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এসএন