• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ এএম


ফিফার নির্দেশে স্কটল্যান্ড ম্যাচে বদলে গেল ব্রাজিল টিম জার্সি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১০:১৮ পিএম

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিলকে চমকে দিল ফিফা, বদলে গেল গোলরক্ষকদের জার্সি

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগেই ব্রাজিলিয়ান গোলরক্ষকদের জার্সি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ব্রাজিলের তিন গোলরক্ষক—আলিসন বেকার, এদেরসন এবং ওয়েভারতনের লাল রঙের জার্সি পরে মাঠে নামার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ফিফা সেই পরিকল্পনায় পরিবর্তন আনে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্রাজিলের গোলরক্ষকদের গাঢ় সবুজ রঙের জার্সি, শর্টস ও মোজা পরে খেলতে হবে। অন্যদিকে স্কটল্যান্ডের গোলরক্ষকরা ধূসর রঙের কিট ব্যবহার করবেন।

তবে হঠাৎ কেন এই পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে ফিফা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। যদিও ম্যাচের অফিসিয়াল কিট গ্রাফিকসে লাল জার্সির পরিবর্তে গাঢ় সবুজ জার্সির বিষয়টি স্পষ্টভাবে দেখা গেছে।

এদিকে জার্সি পরিবর্তনের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তাদের দাবি, এবারের বিশ্বকাপের জন্য গোলরক্ষকদের কোনো লাল জার্সিই তৈরি করা হয়নি।

ব্রাজিল দলের কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির ওয়েবসাইটেও স্কটল্যান্ড ম্যাচের জন্য গাঢ় সবুজ গোলরক্ষক জার্সিই প্রদর্শন করা হয়েছে। সেখানে একটি নাইকির নিজস্ব সংস্করণ এবং অন্যটি জর্ডান ব্র্যান্ডের সংস্করণ হিসেবে দেখানো হয়েছে।

চলতি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। এখন স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠতে চাইছেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

তবে ম্যাচটি ঘিরে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় আকর্ষণ নেইমার জুনিয়র। দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ফলে নেইমারের প্রত্যাবর্তন আর গোলরক্ষকদের জার্সি বিতর্ক—দুই মিলিয়ে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে।

সূত্র: ও গ্লোবো

/এএসএফ