বিশ্বকাপের ‘জি’ গ্রুপে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে ইরান। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। তবে স্কোরলাইন যতটা সাধারণ, মাঠের লড়াই ছিল তার চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর।
পুরো ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য বিস্তার করে বেলজিয়াম। ইউরোপিয়ান দলটি ৭০ শতাংশ সময় বলের দখল ধরে রাখে এবং মোট ২৩টি শট নেয়। এর মধ্যে সাতটি শট ছিল লক্ষ্যে। কিন্তু ইরানের অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ একাই যেন হয়ে ওঠেন অদম্য প্রাচীর। লক্ষ্যে থাকা সবকটি শটই দারুণ দক্ষতায় প্রতিহত করেন তিনি।
ম্যাচের শুরুতেই রোমেলু লুকাকুর সঙ্গে সংঘর্ষে চোট পান বেইরানভান্দ। তবে চিকিৎসা শেষে মাঠে ফিরে তিনি একের পর এক সেভ করে ইরানকে ম্যাচে টিকিয়ে রাখেন।
প্রথমার্ধে ইরানও গোলের দেখা পেয়েছিল। মেহদি তারেমি বল জালে জড়ালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। অন্যদিকে বেলজিয়ামের ধারাবাহিক আক্রমণ ব্যর্থ করে দেন বেইরানভান্দ।
দ্বিতীয়ার্ধেও দুই দলের গোলরক্ষকদের ব্যস্ত সময় কাটে। ইরানের তারেমির শক্তিশালী শট ঠেকিয়ে দেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। আর বেলজিয়ামের মাক্সিম ডি কাইপারসহ একাধিক খেলোয়াড়ের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন বেইরানভান্দ।
ম্যাচের ৬৬তম মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। ইরানের তারেমিকে পেছন থেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন নাতাঁ উঙ্গয়। এরপর প্রায় ২৫ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয় বেলজিয়ামকে। তবে একজন কম নিয়েও গোল হজম করেনি তারা।
এই ড্রয়ের ফলে দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘জি’ গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। সমান ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। অন্যদিকে নিউজিল্যান্ড ও মিশরের সংগ্রহ ১ পয়েন্ট করে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম। একই সময়ে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান। বিশ্বকাপ ইতিহাসে কখনো নকআউট পর্বে জায়গা করে নিতে না পারা ইরানের সামনে এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার বড় সুযোগ তৈরি হয়েছে।
/এএসএফ