• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ এএম


প্রায় ১০০ যাত্রী-পণ্যবোঝাই নৌকা ডুবল, ডিআর কঙ্গোতে ৪১ জনের মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫ পিএম

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করা নৌকাটি মাপেরা গ্রামের কাছে ডুবে যায়। ডিআর কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া যাত্রীদের একজন অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত রেডিও ওকাপিকে জানান, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে ঘুমন্ত যাত্রীরা হঠাৎ জেগে ওঠেন। এ সময় তারা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই নৌকাটি পানিতে ডুবে যায়।

নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ডিআর কঙ্গোতে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব নৌদুর্ঘটনার অন্যতম কারণ হয়ে থাকে।

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা অভিযান চালিয়ে ৪৯ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে আরও কয়েকজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডিআর কঙ্গোতে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক নৌদুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

/এএসএফ