মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ব্রাজিল। সেই ম্যাচে প্রত্যাশিত ছন্দে দেখা না যাওয়ায় সমর্থকদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয় কার্লো আনচেলত্তির দল।ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোল ব্রাজিলকে স্বস্তিদায়ক অবস্থানে নিয়ে যায়।
বিরতির পর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। তবুও বলের দখল ও আক্রমণে পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল ব্রাজিলের।এই জয়কে ঘিরে সামনে এসেছে বিশ্বকাপ ইতিহাসের একটি আকর্ষণীয় পরিসংখ্যান। এর আগে বিশ্বকাপে যে চারবার কোনো ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল, প্রতিবারই তারা ফাইনালে উঠেছিল।১৯৫০ বিশ্বকাপে দুইবার, এরপর ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে এমন ঘটনা ঘটেছিল। যদিও ১৯৫০ সালে উরুগুয়ে এবং ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হার মানতে হয়েছিল ব্রাজিলকে। তবে ২০০২ সালে জার্মানিকে হারিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জিতেছিল সেলেসাওরা।পরিসংখ্যান ভবিষ্যতের নিশ্চয়তা না দিলেও হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্স সমর্থকদের মধ্যে নতুন আশার জন্ম দিয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও দেখা যেতে পারে ব্রাজিলকে।
/বিএসএস