এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি ও কথোপকথনের সংখ্যা বাড়তে থাকায় আসল ব্যবহারকারী শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এ লক্ষ্যে ফেসবুকে চালু করা হচ্ছে ‘ফেসবুক ভেরিফাইড’ নামে একটি বিনামূল্যের ভেরিফাইড ব্যাজ।
মেটা জানিয়েছে, এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিয়ে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। যাচাই শেষে ব্যবহারকারীর প্রোফাইলে বিশেষ ব্যাজ প্রদর্শিত হবে, যা নির্দেশ করবে যে ওই প্রোফাইলের পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নতুন ব্যাজ তাদের অর্থের বিনিময়ে দেওয়া ‘মেটা ভেরিফাইড’ সাবস্ক্রিপশন সেবার অংশ নয়। এটি সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।
যাচাইয়ের সময় ব্যবহারকারীর সেলফি ভিডিও তার প্রোফাইলে থাকা বিদ্যমান ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। সবকিছু সঠিক হলে প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাইড ব্যাজ যুক্ত হবে।
মেটার ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এখন বাস্তবসম্মত ভুয়া প্রোফাইল, ছবি এবং স্বয়ংক্রিয় বার্তা তৈরি করা অনেক সহজ হয়ে গেছে। তাই অনলাইনে কার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তা বোঝার জন্য ব্যবহারকারীদের একটি নির্ভরযোগ্য সংকেত দেওয়া প্রয়োজন।
প্রথম পর্যায়ে এই ব্যাজ ব্যবহারকারীর ব্যক্তিগত প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং প্রোফাইল এবং বিভিন্ন গ্রুপে দেখা যাবে। ভবিষ্যতে নিউজ ফিডের পোস্টেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
মেটা বলছে, বিশেষ করে মার্কেটপ্লেসে কেনাবেচা, ডেটিং কিংবা স্থানীয় গ্রুপে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ব্যাজ ব্যবহারকারীদের আস্থা বাড়াতে সহায়তা করবে। তবে ব্যাজ থাকা মানেই ওই ব্যবহারকারীর আচরণের নিশ্চয়তা বা ফেসবুকের আনুষ্ঠানিক অনুমোদন নয়।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ভেরিফাইড ব্যাজ পাওয়া অ্যাকাউন্টকেও ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও কমার্স পলিসি মেনে চলতে হবে। নিয়ম ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রতারণা, স্ক্যাম বা বিভ্রান্তিকর কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না। পেজ বা প্রফেশনাল মোডে থাকা প্রোফাইলগুলো আপাতত এই সুবিধার আওতায় আসবে না।
মেটা জানিয়েছে, ধাপে ধাপে বিভিন্ন দেশে এই ফিচার চালু করা হবে। তবে প্রথম ধাপে কোন কোন দেশে এটি চালু হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভুয়া অ্যাকাউন্ট শনাক্তে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে পরিচয় যাচাইয়ের জন্য সেলফি ভিডিও জমা দেওয়ায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়েও ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।
/এএসএফ