পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত বিশাল এক গ্রহাণু। তবে এটি পৃথিবীতে আঘাত হানবে না—বরং আগামী তিন বছরের মধ্যে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা মহাকাশ বিজ্ঞানীদের জন্য একটি বিরল পর্যবেক্ষণের সুযোগ তৈরি করবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) Anadolu Agency-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, Apophis নামের এই গ্রহাণুটির নামকরণ করা হয়েছে প্রাচীন মিসরীয় ‘গড অব ক্যাওস’ দেবতার নাম অনুসারে। এটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করবে।
NASA জানিয়েছে, গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মাইল দূর দিয়ে যাবে, যা অনেক কক্ষপথে থাকা স্যাটেলাইটের থেকেও কাছাকাছি। তুলনামূলকভাবে, উচ্চ কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো সাধারণত প্রায় ২২ হাজার মাইল দূরে অবস্থান করে।
যদিও অ্যাপোফিসকে ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, তবুও নাসা নিশ্চিত করেছে—২০২৯ সালে এর অতিক্রমণের সময় পৃথিবীর জন্য কোনো ধরনের হুমকি থাকবে না।
দীর্ঘদিনের পর্যবেক্ষণ শেষে বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্তত আগামী ১০০ বছর এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। পৃথিবী, মহাকাশচারী বা কক্ষপথে থাকা স্যাটেলাইট—কোনোটিই এর কারণে ক্ষতির মুখে পড়বে না।
বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘অসাধারণ ও নজিরবিহীন সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে গ্রহাণু এবং পৃথিবীর নিকটবর্তী অন্যান্য মহাজাগতিক বস্তুর বিষয়ে আরও গভীরভাবে গবেষণা করা সম্ভব হবে।
নাসা আরও জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের বাসিন্দারা খালি চোখেই এই গ্রহাণুটি দেখতে পারবেন।