• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম


রাতের আকাশে চমক, দেখা যাবে উল্কাপাত ও গ্রহদের খেলা

আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৭:৩৫ পিএম

এপ্রিলের শুরুতেই বাংলাদেশের আকাশে গ্রহের কুচকাওয়াজ ও পূর্ণিমার সৌন্দর্য উপভোগ করেছেন আকাশপ্রেমীরা। সেই আবহ কাটতে না কাটতেই আজ শুক্রবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাতের আকাশে দেখা মিলবে নতুন সব মহাজাগতিক দৃশ্য। বিশেষ করে এই সময় লাইরিড উল্কাপাত এবং গ্রহগুলোর অবস্থান পরিবর্তন স্পষ্টভাবে নজরে আসবে।

লাইরিড উল্কাপাতের ঝলক
এপ্রিলের শেষার্ধের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা হলো লাইরিড উল্কাপাত। প্রতি বছর এ সময় পৃথিবী সি/১৮৬১ জি১ থ্যাচার ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণার মধ্যে দিয়ে অতিক্রম করে, যার ফলেই সৃষ্টি হয় এই উল্কাবৃষ্টি। যদিও এটি ২৫ এপ্রিল পর্যন্ত চলবে, তবে সবচেয়ে ভালো দেখা যাবে ২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত। আকাশ পরিষ্কার থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ২০টি উল্কা দেখা যেতে পারে। উল্কাগুলো সাধারণত উজ্জ্বল হয় এবং অনেক সময় আকাশে দীর্ঘ আলোর রেখা রেখে যায়।

গ্রহদের অবস্থান ও চাঁদের প্রভাব
এপ্রিলের শেষ দুই সপ্তাহে গ্রহগুলোর অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। পশ্চিম আকাশে শুক্র গ্রহ তার উজ্জ্বলতা ধরে রাখলেও ধীরে ধীরে দিগন্তের কাছাকাছি নেমে আসবে। সন্ধ্যার আকাশে মঙ্গল গ্রহের লালচে আভা সহজেই চোখে পড়বে। মাসের শেষ দিকে সূর্যোদয়ের প্রায় দুই ঘণ্টা আগে পূর্ব আকাশে শনি গ্রহ বেশ উঁচুতে অবস্থান করবে। শনির কাছেই থাকবে নেপচুন, তবে এটি দেখতে হলে শক্তিশালী টেলিস্কোপ প্রয়োজন হবে।

এ সময় চাঁদ ক্ষীয়মাণ পর্যায়ে প্রবেশ করবে। ২১ এপ্রিলের দিকে লাইরা নক্ষত্রপুঞ্জের কাছে অবস্থান করার কারণে চাঁদের আলো উল্কাপাত দেখায় কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।

নক্ষত্রপুঞ্জ ও উজ্জ্বল তারার দৃশ্য
এপ্রিলের শেষ দিকে দক্ষিণ আকাশে করভাস বা ‘কাক’ নক্ষত্রপুঞ্জ স্পষ্টভাবে দেখা যাবে। দক্ষিণ-পূর্ব আকাশে উজ্জ্বল নীলাভ তারা স্পাইকা তার পূর্ণ জৌলুসে থাকবে, যা কন্যা রাশির অংশ। একই সঙ্গে উত্তর-পূর্ব আকাশে কমলা আভাযুক্ত উজ্জ্বল তারা আর্কটারাস সহজেই নজরে আসবে—এটি আকাশের চতুর্থ উজ্জ্বলতম তারা এবং বসন্তের আকাশের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।

সব মিলিয়ে, এপ্রিলের শেষভাগে বাংলাদেশের আকাশ আকাশপ্রেমীদের জন্য হয়ে উঠছে এক অপূর্ব মহাজাগতিক প্রদর্শনী।