বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণায় এখনই তাড়াহুড়ো করতে চাইছে না লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। অন্য অনেক দল স্কোয়াড প্রকাশ করে ফেললেও বিশ্বচ্যাম্পিয়নদের কোচ বাড়তি সময় নিয়ে প্রতিটি ফুটবলারের অবস্থা খুঁটিয়ে দেখছেন। কারণ, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ তারকা এখনো পুরোপুরি ফিট নন।একদিকে ইনজুরির দুশ্চিন্তা, অন্যদিকে তরুণ ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্স—দুই মিলিয়ে জটিল কিন্তু ইতিবাচক পরিস্থিতিতে পড়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ স্কালোনি। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গঠনের পরিকল্পনাই করছে আর্জেন্টিনা।বর্তমানে কোচিং স্টাফের সবচেয়ে বড় চিন্তার জায়গা চোট সমস্যা। ইউরোপিয়ান মৌসুমের অতিরিক্ত ম্যাচের চাপে বেশ কয়েকজন নির্ভরযোগ্য ফুটবলার শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। ফলে বিশ্বকাপের আগে তাদের ফিটনেস নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে দলটি।সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ক্রিস্টিয়ান রোমেরো।
হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর থেকেই সময়ের সঙ্গে লড়াই করছেন এই ডিফেন্ডার। এপ্রিল মাসে টটেনহাম হটস্পারর হয়ে খেলতে গিয়ে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। তার পুনর্বাসনের অগ্রগতি পর্যবেক্ষণে আর্জেন্টিনা দলের ফিজিওথেরাপিস্ট পর্যন্ত লন্ডনে গিয়েছিলেন। বর্তমানে নিজ শহর কর্দোবায় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন রোমেরো।চোটের তালিকায় নতুন করে যোগ হয়েছে নাহুয়েল মলিনার নামও। আতলেতিকো মাদ্রিদর হয়ে মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। একই সময়ে হুলিয়ান আলভারেজকেও নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গোড়ালির চোট কাটিয়ে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই ফরোয়ার্ড।এ ছাড়া রিভার প্লেটর ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল পেশির চোটে ভুগছেন। হাঁটুর সমস্যায় আছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ।
তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে। ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুলে চোট পেয়েও খেলেছিলেন তিনি এবং দলকে শিরোপা জিততে সাহায্য করেন। কিন্তু বিশ্বকাপের আগে তার ইনজুরি এখন আর্জেন্টিনা শিবিরে বাড়তি উদ্বেগ তৈরি করেছে।তবে সব খবরই খারাপ নয় স্কালোনির জন্য। কয়েকজন ফুটবলার দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লড়াইকে আরও জমিয়ে তুলেছেন।
এর মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ক্লাব ফুটবলে দারুণ মৌসুম কাটিয়ে সম্প্রতি ইউরোপা লিগ জিতেছেন তিনি। পুরো টুর্নামেন্টজুড়ে তার পারফরম্যান্স নজর কেড়েছে সবার।জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য রহস্যই রেখে দিয়েছেন বুয়েন্দিয়া। তার ভাষায়, “জাতীয় দলে কী হবে, সেটা সময়ই বলে দেবে।”
/বিএসএস