চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আবারও বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে, টানা তৃতীয়বারের মতো তাদের বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে না। তবে দলটিকে ঘিরে এবার নতুন এক বিতর্ক সামনে এসেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা প্রস্তাব দেন, ইরানের পরিবর্তে ইতালিকে ২০২৬ বিশ্বকাপে সুযোগ দেওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পলি এই বিষয়টি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উপস্থাপন করেন বলে জানা যায়।
তবে ইতালির ক্রীড়া কর্তৃপক্ষ দ্রুতই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেন, এমন প্রস্তাব “অসম্ভব ও অনুচিত”। তার ভাষায়, “বিশ্বকাপে খেলার সুযোগ মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই অর্জন করতে হয়।”
ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়োনফিগ্লিওও বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এভাবে কাউকে বিশ্বকাপে নেওয়া অপমানজনক।”
অন্যদিকে ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি এই প্রস্তাবকে “লজ্জাজনক” বলে উল্লেখ করেছেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রভাবও ফুটবলে পড়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরান ফুটবলের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে যাবে না।
ফিফা অবশ্য স্পষ্ট জানিয়েছে, নিয়ম অনুযায়ী বিশ্বকাপে খেলতে হলে আয়োজক দেশে অংশগ্রহণ করতেই হবে। ফলে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।