• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম


মিরপুর স্টেডিয়ামে আবু সাঈদের নামে গ্যালারি সরানোর অভি’যোগ, বিত’র্কে রাতেই আবার নাম পুনর্বহাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ আগস্ট ২০২৬ ৩:৪২ পিএম

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা একটি গ্যালারির নাম সরিয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমালোচনা শুরু হওয়ার পর রাতের মধ্যেই গ্যালারিটির নাম আবার ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের স্মরণে মিরপুর স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয়েছিল। তবে বিসিবির বর্তমান নেতৃত্ব সম্প্রতি সেই নাম প্রত্যাহার করেছে বলে দাবি করেন তিনি। নিজের পোস্টে এ সিদ্ধান্তের সমালোচনা করে বিদ্রুপাত্মক মন্তব্যও করেন আসিফ মাহমুদ।

তার ওই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের নাম গ্যালারি থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। একই সময়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাবেক ক্ষমতাসীন সরকারের সংশ্লিষ্টতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন।

এমন সমালোচনার মধ্যেই রাতের মধ্যে গ্যালারিটির নাম পুনরায় যুক্ত করা হয়েছে বলে জানা যায়। “Afsar Quest” নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়, শহীদ আবু সাঈদের নাম আবার গ্যালারিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওই পোস্টে বিসিবির সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয়, স্ট্যান্ড সংস্কারের কারণ দেখিয়ে নাম সরানোর ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে কেন নামটি সরানো হয়েছিল এবং মাঝরাতে কেন আবার তা পুনঃস্থাপন করা হলো—এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়।

নাম পুনঃস্থাপনের পর বিসিবির সিদ্ধান্তের পক্ষে যারা সাফাই দিয়েছিলেন, তাদের অবস্থান নিয়েও ওই পোস্টে প্রশ্ন তোলা হয়।

তবে পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। গ্যালারিটির নাম কেন সরানো হয়েছিল এবং কোন প্রক্রিয়ায় তা আবার ফিরিয়ে আনা হয়েছে—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

/এসএন