তিন বছর আগে রোজা রেখে খেলতে চাওয়ার কারণে ফ্রান্সের ক্লাব নঁতের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন জাউয়েন হাদজাম। সেই ঘটনা এবার আবারও আলোচনায় এসেছে। কারণ, আলজেরিয়ার এই ডিফেন্ডার ৯৫ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৮ কোটি টাকায়, সুইজারল্যান্ডের ইয়াং বয়েজ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে যোগ দিয়েছেন।
সম্প্রতি হাদজামকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২৩ বছর বয়সী এই লেফট-ব্যাকের গতি, আক্রমণাত্মক ফুটবল এবং বল নিয়ন্ত্রণের দক্ষতায় মুগ্ধ হয়েই তাকে দলে ভেড়ানো হয়েছে।
প্যারিসে জন্ম নেওয়া হাদজামের ফুটবলে হাতেখড়ি ফ্রান্সে। ২০২৩ সালে তিনি নঁতের হয়ে খেলছিলেন। ওই বছরের রমজান মাসে ম্যাচের দিন রোজা না রাখার নির্দেশ দিয়েছিলেন নঁতের তৎকালীন কোচ আঁতোয়ান কোমবুয়ারে। তবে নিজের ধর্মীয় বিশ্বাসের কারণে রোজা ভাঙতে রাজি হননি হাদজাম।
এর পরিণতিতে রাঁসের বিপক্ষে ম্যাচের আগে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে হাদজামের ধর্মীয় স্বাধীনতা নিয়েও প্রশ্ন ওঠে।
ঘটনার এক বছর পর নঁতে ছেড়ে সুইজারল্যান্ডের ইয়াং বয়েজে পাড়ি জমান হাদজাম। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৮টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে ধারাবাহিক পারফরম্যান্সের পরই তার প্রতি আগ্রহ দেখায় ব্রাইটন।
আন্তর্জাতিক ফুটবলেও হাদজামের রয়েছে ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা। তবে ২০২৩ সালে তিনি তার বাবা-মায়ের দেশ আলজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত আলজেরিয়ার জার্সিতে ২১টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। সর্বশেষ বিশ্বকাপেও তিনটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
তিন বছর আগে রোজা রাখাকে কেন্দ্র করে যে ঘটনা হাদজামকে আলোচনায় এনেছিল, এবার সেই খেলোয়াড়ই ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে নিজের অবস্থানে অটল থাকার সেই পুরোনো ঘটনাটিও তার নতুন অর্জনের সঙ্গে আবার সামনে এসেছে।
/এসএন