আগামী অক্টোবরে ঢাকার স্টেডিয়ামে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। তবে এই ম্যাচ আয়োজনের জন্য সরকার কোনো অর্থ ব্যয় করবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার দুপুরে বক্সিংয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশ ও ব্রাজিলের সম্ভাব্য ম্যাচ আয়োজন নিয়ে জানতে চাইলে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।
মো. আমিনুল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করতে চায় না। বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের বড় ধরনের ব্যয় রয়েছে। এমন পরিস্থিতিতে শুধু একটি ম্যাচ আয়োজনের জন্য সরকারি অর্থ খরচ করার মানসিকতা সরকারের নেই।
তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইলে স্পনসরদের মাধ্যমে ম্যাচ আয়োজনের ব্যয়ভার বহন করতে পারে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে বাফুফে সভাপতির সঙ্গে তার কথা হয়েছে। একই সঙ্গে ব্রাজিলের প্রতিনিধিদলের সঙ্গেও বাফুফের আলোচনা হয়েছে।
বাফুফে বিভিন্ন স্পনসর সংগ্রহ করে ম্যাচটি আয়োজনের প্রয়োজনীয় ব্যয় বহন করতে পারলে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত শুধু প্রাথমিক আলোচনা হয়েছে। ম্যাচ আয়োজনের সম্ভাব্য ব্যয়, আনুষঙ্গিক খরচসহ অন্যান্য বিষয় নিয়ে এখনো বিস্তারিত কিংবা চূড়ান্ত আলোচনা হয়নি।
/এসএন