• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম


অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট সেঞ্চুরি করে তানজিদ বললেন, ‘আলহামদুলিল্লাহ’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ আগস্ট ২০২৬ ৫:১৯ পিএম

ডারউইন টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটিংয়েও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে টেস্টে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই পাওয়া এই সেঞ্চুরিকে নিজের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন তানজিদ তামিম। তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়ে নিজের ব্যাটিংয়ের ধরন বদলানোর কথা জানিয়েছেন এই ওপেনার।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম শতকের দেখা পাওয়ার পর অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তানজিদ তামিম বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। এখানে খেলতে পারাটা দারুণ একটি সুযোগ। আমার জন্য এটি খুবই বিশেষ, কারণ এখানে এটাই আমার প্রথমবার এবং এটি আমার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট। এর মধ্যেই সেঞ্চুরি করতে পারাটা আমার জন্য সত্যিই বিশেষ।’

দলের চাহিদা অনুযায়ী নিজের ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করেছিলেন জানিয়ে তানজিদ আরও বলেন, ‘দল আমার কাছে যেটা চেয়েছে, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। উইকেটও ভালো ছিল। তারা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে। আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করেছি এবং নিজেকে শান্ত রেখেছি।’

তবে ব্যক্তিগত সেঞ্চুরি পাওয়ার আনন্দের চেয়েও এখন দলের পারফরম্যান্স নিয়েই বেশি ভাবছেন তানজিদ তামিম। ডারউইন টেস্টে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তিনি।

তার মতে, ম্যাচের বাকি সেশনগুলোতে বাংলাদেশ যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে ডারউইন টেস্ট থেকে বড় কিছু অর্জন করা সম্ভব।

/এসএন