• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ এএম


জর্জিনাকে বিয়ে করে ‘আর্জেন্টিনার জামাই’ হলেন রোনালদো

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ আগস্ট ২০২৬ ২:৪১ পিএম

দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনাকে বিয়ে করে আর্জেন্টিনার সঙ্গেও পারিবারিক বন্ধনে যুক্ত হলেন পর্তুগিজ এই ফুটবল কিংবদন্তি।

পর্তুগিজ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। বিশেষ এই দিনে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে জর্জিনার হাতের ওপর নিজের হাত রেখেছেন তিনি। দুজনের হাতেই দেখা যায় বিয়ের আংটি। ছবির সঙ্গে ‘সি’ ও ‘জি’ লিখে ভালোবাসার ইমোজিও দেন রোনালদো। পোস্টটি প্রকাশের মাত্র আধা ঘণ্টার মধ্যেই এতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।

গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন এই জুটি। সে সময় জর্জিনা আংটির ছবি দিয়ে জানান, রোনালদোর বিয়ের প্রস্তাবে তিনি সম্মতি দিয়েছেন। ঠিক এক বছর পর সেই দীর্ঘ সম্পর্ক বিয়েতে রূপ নিল।

তবে বিয়ের আগে রোনালদো ও জর্জিনার বিয়ে নিয়ে কম গুঞ্জন ছড়ায়নি। কয়েক দিন আগে ফুনশাল ক্যাথেড্রালকে ঘিরে তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে সেখানে ভক্ত ও উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে জানা যায়, ওই অনুষ্ঠানের বর-কনে ছিলেন অন্য কেউ। ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করে। সেই পোস্টে রোনালদোও মজার প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

রোনালদোর ফুটবল ক্যারিয়ারও দীর্ঘ ও বর্ণিল। প্রতিযোগিতামূলক ফুটবলে ২৪ বছরের ক্যারিয়ারে তার গোলসংখ্যা ৯৭৬। স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলার পর বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এই তারকা। পর্তুগালের জার্সিতে ২৩৩ ম্যাচে তার গোল ১৪৬টি, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।

অন্যদিকে জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। সে সময় রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন। সেই পরিচয় থেকেই তাদের সম্পর্কের শুরু।

প্রায় ১০ বছর পর লিসবনে বিয়ের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমের আনুষ্ঠানিক পরিণতি হলো। ফলে রসিকতা করে বলা যেতেই পারে—পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার সত্যিই ‘আর্জেন্টিনার জামাই’।

/এসএন