• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০২ এএম


‘আমি দল পাল্টাই না’—সাকিবের বক্তব্যে নতুন আলোচনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ১২:৪৭ পিএম

পতিত আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা সাকিব আল হাসান মনে করেন, তার খেলোয়াড়ি জীবন এখনও শেষ হয়নি। তবে ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, রাজনীতিতে ফিরলে তিনি আওয়ামী লীগের হয়েই কাজ করবেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব। তার ভাষায়, “সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে?”

সাকিব আরও বলেন, দল পরিবর্তন বা অবস্থান বদলানোর অভ্যাস তার নেই। তিনি বলেন, “আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।”

বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এই পরিস্থিতি স্থায়ী হবে বলে মনে করেন না তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, “এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না।”

তিনি আরও মন্তব্য করেন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকা দেশের জন্য ইতিবাচক কিছু বয়ে আনছে বলে তার মনে হয় না। সাকিবের মতে, “হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন। কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না।”

/এসএন