আগামী বছর ৪ এপ্রিল থেকে শুরু হবে সাফ গেমস। ১১ এপ্রিল পর্যন্ত চলবে দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা। পাকিস্তানের তিনটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। এতে মোট ২৮টি ইভেন্ট রাখা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে ভারত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চপর্যায়ের একটি বৈঠকে আসন্ন ২০২৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে অংশগ্রহণের বিষয়ে সম্মতি দিয়েছে ভারত। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর পাকিস্তানে আবারও এই আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সাধারণ সম্পাদক খালিদ মেহমুদ জানিয়েছেন, ভারত নীতিগতভাবে সাফ গেমসে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। ২০২৭ সালের জানুয়ারিতে ভারত তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের দলের বিস্তারিত তথ্য দেবে বলেও জানান তিনি।
এর আগে সর্বশেষ ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে নবম এসএএফ গেমস অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ দুই দশক পর দেশটিতে আবারও এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে।
দীর্ঘ বিরতির পর সাফ গেমস সফল ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার নিরাপত্তা এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন।
/এসএন