যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের শিশু-কিশোরদের ডিভাইসের আসক্তি থেকে বের করে সৃজনশীল কর্মকাণ্ড ও খেলাধুলায় যুক্ত করতে হবে। তাদের মাঠে ফেরানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের সন্তানদের ডিভাইসের হাত থেকে দূরে রাখতে চাই।’
এ জন্য বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আয়োজনে ‘মডেল কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আমরা একটি মাদকমুক্ত সমাজ করতে চাই। একটি শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে চাই, যারা আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলাবোধ, সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে চান তারা। একই সঙ্গে মাদকমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে বাংলাদেশ স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমিনুল হক বলেন, ‘স্কাউট মানেই শৃঙ্খলা। অন্যদের থেকে নিজেকে আলাদাভাবে গড়ে তোলা এবং নিজের দায়িত্ব ও কর্মের প্রতি নিষ্ঠাবান হওয়াই স্কাউটিংয়ের অন্যতম শিক্ষা।’
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরেরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর যে চেষ্টা করছে, সেটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
আগামীর বাংলাদেশ সুন্দর, সমৃদ্ধ ও মানবিক হবে মন্তব্য করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সেখানে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে মানবিকতা, আন্তরিকতা ও গণতান্ত্রিক পরিবেশ গুরুত্ব পাবে। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ও বাক্স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আরও বলেন, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে।
/এএসএফ