• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম


ভিনিসিয়ুসকে ধরে রাখতে মরিয়া রিয়াল মাদ্রিদ, কারণ শুধু পারফরম্যান্স নয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১১:১৭ এএম

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। ইউরোপের একাধিক ক্লাব তাঁকে দলে ভেড়াতে আগ্রহ দেখালেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর সঙ্গে নতুন চুক্তি করতে তৎপর স্প্যানিশ ক্লাবটি। এর পেছনে শুধু মাঠের পারফরম্যান্স নয়, ভিনিসিয়ুসের ক্রমবর্ধমান বাণিজ্যিক মূল্যও বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

মাত্র ১৭ বছর বয়সে ২০১৭ সালে ৪ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। শুরুতে মূল দলে নিজের জায়গা করে নিতে সংগ্রাম করতে হয় তাঁকে। একসময় রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়াতেও খেলেছেন তিনি। গোল মিস করা, সমালোচনার মুখে পড়া—সবকিছুই পেরিয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।

বর্তমানে রিয়ালের হয়ে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল ও ৮৫টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। ক্লাবটির সাম্প্রতিক দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

তবে ভিনিসিয়ুসের গুরুত্ব শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়। ব্রাজিল ও বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে তাঁর বাণিজ্যিক মূল্যও ধারাবাহিকভাবে বেড়েছে। সর্বশেষ বিশ্বকাপে তাঁর সঙ্গে ১৬টি প্রতিষ্ঠানের স্পনসরশিপ ছিল। স্পনসরের দিক থেকে ব্রাজিল দলে শুধু নেইমারের পরেই ছিলেন তিনি।

বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভিনিসিয়ুস উল্লেখযোগ্য আয় করেন। ২০২২ সালে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের সময় তাঁর ইমেজ রাইটসের প্রায় ৫০ শতাংশ ক্লাবটির নিয়ন্ত্রণে আসে। ফলে তাঁর ইমেজ রাইটস থেকে অর্জিত আয়ের একটি বড় অংশ পায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই আয়ের পরিমাণ তাঁর বার্ষিক ২ কোটি ৫০ লাখ ইউরো বেতনের চেয়েও বেশি।

এ কারণে ভিনিসিয়ুসকে শুধু একজন ফুটবলার নয়, ক্লাবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পদ হিসেবেও দেখছে রিয়াল মাদ্রিদ। আর্সেনালসহ ইউরোপের কয়েকটি ক্লাব তাঁকে দলে নিতে আগ্রহী হলেও তাঁকে বিক্রির পরিবর্তে নতুন চুক্তিতে ধরে রাখার দিকেই মনোযোগী লস ব্লাঙ্কোস।

ভিনিসিয়ুসের ইমেজ রাইটস ও ব্র্যান্ড ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ‘রক নেশন স্পোর্টস ব্রাজিল’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফ্রেদেরিকো পেনা বলেন, অল্প বয়সেই ভিনিসিয়ুস বিশ্বের অন্যতম বড় ক্লাব এবং ব্রাজিল জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। দুটি চ্যাম্পিয়নস লিগ জয় এবং ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে তরুণদের কাছে অধ্যবসায় ও সাফল্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও জানান, ভিনিসিয়ুসের ব্র্যান্ড-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের প্রতিষ্ঠানে আলাদা কাঠামো রয়েছে। সেখানে প্রধান নির্বাহী, প্রধান অর্থ কর্মকর্তা, প্রশাসন, আইন, বাণিজ্য, বিপণন ও যোগাযোগ বিভাগ কাজ করে। পাশাপাশি ভিনিসিয়ুসের প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের জন্য উদ্ভাবনী শিক্ষা এবং বর্ণবৈষম্যবিরোধী বিভিন্ন সামাজিক উদ্যোগও পরিচালিত হয়।

মাঠের বাইরেও সামাজিক বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকার কারণে ভিনিসিয়ুসের প্রতি করপোরেট প্রতিষ্ঠানগুলোর আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে বর্ণবাদের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান তাঁকে শুধু একজন ফুটবল তারকা নয়, প্রভাবশালী জনমুখী ব্যক্তিত্ব হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।

সব মিলিয়ে মাঠের সাফল্য, বৈশ্বিক জনপ্রিয়তা, বাণিজ্যিক মূল্য এবং সামাজিক প্রভাব—এই চারটি দিক বিবেচনায় ভিনিসিয়ুস জুনিয়রকে দীর্ঘমেয়াদে দলে রাখতে চায় রিয়াল মাদ্রিদ।