• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম


আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে জামায়াত আমির শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ অক্টোবর ২০২৬ ৩:৫৩ পিএম

তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন জামায়াত আমির।

এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইস্তাম্বুল ইউনিভার্সিটি এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে জামায়াত আমির সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

/এসএন