• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম


শিশুভক্তের অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৯:৫৪ পিএম

২০২৬ বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। অবসর কাটানোর এই সময়েও প্রতিদিন তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য সমর্থক। তাদের শুভেচ্ছা ও ভালোবাসার মধ্যেই এক শিশুভক্তের ব্যতিক্রমী উদ্যোগ সবার নজর কেড়েছে।টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি নামের এক শিশু ও তার পরিবার স্কালোনির জন্য একটি প্রতীকী চুক্তিপত্র তৈরি করে নিয়ে আসে। সেখানে লেখা ছিল, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’।

উদ্দেশ্য ছিল, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির দায়িত্ব যেন আরও দীর্ঘায়িত হয়।শিশুটির এই আবদারে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্কালোনি। এ সময় বাড়ির সামনে অপেক্ষায় থাকা অন্য সমর্থকদের সঙ্গেও ছবি তোলেন এবং অটোগ্রাফ দেন।ঘটনাটি আরও আলোচনায় আসে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। সেখানে ফ্রাঙ্কো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার উদ্দেশে বলেন, ‘এবার আপনার পালা।’

অর্থাৎ, স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখার উদ্যোগ এখন এএফএর নেওয়া উচিত বলেই ইঙ্গিত দেয় শিশুটি।স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয় মূলত ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর তার এক মন্তব্যকে কেন্দ্র করে। স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত তার বর্তমান চুক্তি রয়েছে। এরপর হয়তো কিছুদিন বিরতি নিতে পারেন বলেও ইঙ্গিত দেন। সেই মন্তব্যের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়।তবে এএফএর অবস্থান পরিষ্কার।

সংস্থাটি চায়, স্কালোনি যেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে তার সফল অধ্যায় আরও দীর্ঘায়িত করেন। সম্প্রতি এক আবেগঘন ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, আর্জেন্টিনার ইতিহাসে এখনও অনেক নতুন অধ্যায় লেখা বাকি এবং সেই পথচলায় স্কালোনিকে আবারও পাশে চান তারা।

অতীতের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতেও একসঙ্গে আরও বড় অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।এদিকে, নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্কালোনির সামনে আরও দুটি ফিফা উইন্ডো রয়েছে। ওই সময় পর্যন্ত তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। এরপরই আর্জেন্টিনা দলের প্রধান কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

/বিএসএস