• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম


ফিফার ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ জিতলেন আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কেপ ভার্দের সিডনি কাবরাল!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ১১:৩০ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরালের করা দুর্দান্ত গোলটি ‘হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে নির্বাচিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের আগে কেপ ভার্দের নবাগত ফুটবলার কাবরাল বলেছিলেন, লিওনেল মেসির সঙ্গে একটি ছবি তোলাই তার বড় স্বপ্ন। সেই ইচ্ছা পূরণ হলেও বিশ্বকাপের মঞ্চে তার পারফরম্যান্স তাকে আরও বড় স্বীকৃতি এনে দিয়েছে।

ম্যাচে ডি-বক্সের বাম প্রান্তে আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে ডান পায়ের কোণাকুণি শটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন ২৩ বছর বয়সী কাবরাল। দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ানো সেই দুর্দান্ত শটে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-২ সমতা ফেরে।

তবে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কেপ ভার্দে।

ফিফার ভোটে উজবেকিস্তানের এলদর শোমুরোদভের গোল দ্বিতীয় এবং হাইতির উইলসন ইসিডরের গোল তৃতীয় সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

/এএসএফ