প্রায় ১০ মাস অপেক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার পথ খুলেছে। প্রধান শিক্ষক পদটি ১০ম গ্রেডে উন্নীত করার পর এবার নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণের পদ্ধতি কার্যকর করতে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা।
আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষকরা গত বছরের ডিসেম্বর থেকে ১০ম গ্রেড অনুযায়ী বর্ধিত বেতন পাওয়ার অপেক্ষায় ছিলেন। তবে নতুন আদেশে বকেয়া বেতন-ভাতার বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ বা জিও জারির তারিখের আগের সময়ের কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকরা পাবেন না।
অর্থাৎ জিও জারির আগে থেকেই ১০ম গ্রেড কার্যকর ধরে যে বেতন-ভাতার বকেয়া দাবি করা হচ্ছে, তা পাওয়ার সুযোগ থাকছে না।
আদালতের রায়ের পর ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ম করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে এতদিন নতুন গ্রেড অনুযায়ী তাদের বেতন নির্ধারণ করা সম্ভব হয়নি।
নতুন বেতন স্কেল অনুযায়ী ১০ম গ্রেডে প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ৩২ হাজার টাকা থেকে। এ গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হবে ৭৭ হাজার ৩০০ টাকা।
এর আগে ১০ম গ্রেডে মূল বেতন শুরু হতো ১৬ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ মূল বেতন ছিল ৩৮ হাজার ৬৪০ টাকা।
১০ম গ্রেডে উন্নীত হওয়ার আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ ১১তম ও ১২তম গ্রেডের মধ্যে ছিল। পুরোনো বেতন কাঠামো অনুযায়ী ১১তম গ্রেডে মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে। আর ১২তম গ্রেডে মূল বেতন শুরু হতো ১১ হাজার ৩০০ টাকা থেকে।
/এসএন