টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হিসেবেই টুর্নামেন্ট শেষ করেছে লিওনেল স্কালোনির দল। শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার পরিবর্তন আসছে দলের অফিসিয়াল জার্সিতেও। জার্সির বুকের অংশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ ব্যাজ।
আর্জেন্টিনার অফিসিয়াল জার্সিতে আর দেখা যাবে না বহুল আলোচিত ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজটি। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে এই ব্যাজটি এতদিন তাদের জার্সিতে ব্যবহার করা হচ্ছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্বকাপ শিরোপাধারীদের প্রতীক হিসেবে লিওনেল মেসিদের কিটে যে বিশেষ এম্বলেম এতদিন শোভা পাচ্ছিল, গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের পর সেটির অধিকার এখন স্পেনের। ফলে ২০২৬ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে লামিনে ইয়ামালদের জাতীয় দলের জার্সিতেই এবার সেই ব্যাজ ব্যবহার করা হবে।
বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাজ হারানোর পর এখন থেকে আর্জেন্টিনার জার্সিতে কেবল সর্বশেষ ২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন প্যাচটি থাকবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসরের পর্দা নামে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে স্পেন।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি স্কালোনির শিষ্যরা। পুরো ৯০ মিনিটে লিওনেল মেসির দল একটি শটও নিতে পারেনি। অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তার কোনোটিই লক্ষ্যে ছিল না।
এরই মধ্যে ফাইনালের আগে মাঠে নামার পূর্বে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই বক্তব্য ঘিরে বিভিন্ন ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়িয়ে পড়লেও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সেসব দাবি উড়িয়ে দিয়েছে।
/এসএন