• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৯ এএম


বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন স্বাক্ষর অভিযান, সই ৬২ হাজার ছাড়াল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১:৩২ পিএম

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। চেঞ্জ ডট অর্গে চালু হওয়া ওই আবেদনে ইতোমধ্যে ৬২ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।আবেদনে ফাইনাল ম্যাচের রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীদের দাবি, রেফারির এসব সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।

তবে এই অভিযোগের সমর্থনে কোনো যাচাইকৃত বা আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করা হয়নি।বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেন ১-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে। ক্রীড়া বিধিমালা অনুযায়ী, ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বিশেষ কোনো আইনি ভিত্তি ছাড়া একটি ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই। ফলে অনলাইন এই স্বাক্ষর অভিযান ফিফার জন্য বাধ্যতামূলক নয় এবং এর ভিত্তিতে ফাইনাল পুনরায় আয়োজনের সম্ভাবনাও নেই।

বিতর্কের মধ্যেও আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি রেফারির সিদ্ধান্তকে দায়ী করেননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে, তাই জিতেছে।’এদিকে অনলাইন স্বাক্ষর অভিযানে সমর্থন বাড়তে থাকলেও ফুটবল বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ ফাইনালের ফল পরিবর্তন বা ম্যাচ পুনরায় আয়োজনের বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নেই।

/বিএসএস