জুলাই মাস যেন আর্জেন্টিনা ফুটবল দলের জন্য আবারও বয়ে আনল হতাশার স্মৃতি। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে লিওনেল মেসির দল। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলেই নির্ধারিত হয় বিশ্বকাপের ভাগ্য।
ফাইনালে স্পেন ছিল আক্রমণাত্মক। পুরো ম্যাচে বলের দখল এবং আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল লা রোহা। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আর রক্ষা করতে পারেননি।
এই পরাজয়ের মধ্য দিয়ে জুলাই মাসে বড় মঞ্চে আরেকটি তিক্ত স্মৃতি যোগ হলো আর্জেন্টিনার। ফুটবলপ্রেমীদের কাছে জুলাই বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী হলেও, আলবিসেলেস্তে সমর্থকদের জন্য এই মাসে একাধিকবার এসেছে শিরোপা হারানোর বেদনা।
এবারও তার ব্যতিক্রম হলো না। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে নামলেও শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে এই জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন।
ফাইনাল হারলেও পুরো টুর্নামেন্টজুড়ে লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত ফুটবল খেলেছে আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে স্পেনের দৃঢ় রক্ষণ ও কার্যকর আক্রমণের সামনে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের। জুলাইয়ের আরেকটি ফাইনাল তাই আর্জেন্টিনার সমর্থকদের জন্য রেখে গেল গভীর হতাশা।
/এসএন