• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম


বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানালেন নেতানিয়াহু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ৭:৩৬ পিএম

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ তার হাতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি অফিসিয়াল জার্সি তুলে দেন।

আরব নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত ওয়াহনিশ নেতানিয়াহুর হাতে জার্সিটি তুলে দিয়ে হিব্রু ভাষায় রসিকতা করে বলেন, ‘এটাই শেষ জার্সি ছিল, কারণ সব জার্সিই বিক্রি হয়ে গেছে।’

এরপর তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তা নেতানিয়াহুকে শোনান। ওই বার্তায় মিলেই, আর্জেন্টিনার প্রতি সমর্থন জানানোর জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানান এবং বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পক্ষে তার অবস্থানকে স্বাগত জানান।

জবাবে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি কখনোই আর্জেন্টিনার সমর্থক হওয়ার বিষয়টি গোপন করেননি। তার দাবি, ইসরায়েলের অধিকাংশ নাগরিকও আর্জেন্টিনার সমর্থক।

নেতানিয়াহু বলেন, ‘আমি লুকাই না যে আমি আর্জেন্টিনার একজন সমর্থক। আমার মনে হয়, ইসরায়েলের বেশিরভাগ নাগরিকও তাই। কারণ প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আর্জেন্টিনা ও ইসরায়েলের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমাদের এর চেয়ে ভালো বন্ধু আর নেই। তাই আমরা আর্জেন্টিনাকে সমর্থন করি।’

/এসএন