• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ এএম


৪০ ডিগ্রি তাপমাত্রার তাপদাহের পূর্বাভাস, ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে কী সিদ্ধান্ত নিল ফিফা?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুলাই ২০২৬ ৪:২২ এএম

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচ। স্থানীয় আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, ইস্ট রাদারফোর্ড এলাকায় বর্তমানে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে ওই অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

এমন আবহাওয়ার মধ্যেও আগামীকাল রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ২টায়) মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে।

এর আগে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডট কম দাবি করেছিল, প্রচণ্ড গরমের কারণে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে ফিফা। তবে শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নির্ধারিত সময়েই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে।

ব্রাজিল-নরওয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। একই ভেন্যুতে এবারের বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে স্টেডিয়ামটি ছাদবিহীন হওয়ায় সরাসরি রোদ ও উচ্চ আর্দ্রতা খেলোয়াড়, কোচ, রেফারি এবং দর্শকদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালে অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে কয়েকদিন ধরেই তীব্র দাবদাহ চলছে। অন্যদিকে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোয় ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।

ইয়াহু স্পোর্টস জানিয়েছে, মেক্সিকো সিটিতে বজ্রঝড়ের আশঙ্কায় মেক্সিকো-ইংল্যান্ডের শেষ ষোলোর ম্যাচের সূচি পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করেছিল ফিফা। একই দিনে একাধিক ম্যাচের সম্প্রচার ও সূচি সমন্বয়ের বিষয়টিও তখন গুরুত্ব পেয়েছিল।

/এএসএফ