২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের অন্যতম ভরসার মিডফিল্ডার লুকাস পাকেতা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় রোববারের ম্যাচে খেলতে পারবেন না।
বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
সিবিএফ সূত্র জানিয়েছে, শুধু নরওয়ে ম্যাচই নয়, চলতি বিশ্বকাপের বাকি অংশ থেকেও প্রায় ছিটকে গেছেন পাকেতা। তবে ব্রাজিল যদি ১৯ জুলাই ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে উঠতে পারে, সেক্ষেত্রে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
চলতি বিশ্বকাপে কাসেমিরো ও ব্রুনো গিমারেশের সঙ্গে ব্রাজিলের মাঝমাঠে নিয়মিত খেলছিলেন পাকেতা। গত সোমবার হিউস্টনে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই মিডফিল্ডার।
নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তির জন্য নিশ্চিতভাবে অনুপস্থিত একমাত্র খেলোয়াড় এখন পাকেতা। শেষ আটে ওঠার লড়াইয়ে আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়ের বিপক্ষে তার না থাকা ব্রাজিলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
পাকেতার পরিবর্তে আনচেলত্তি মিডফিল্ডে দানিলো সান্তোসকে সুযোগ দিতে পারেন। আবার কৌশল বদলে আরও আক্রমণাত্মক একাদশ গড়ার পরিকল্পনাও করতে পারেন ইতালিয়ান এই কোচ। সে ক্ষেত্রে এন্দ্রিক কিংবা গাব্রিয়েল মার্তিনেল্লিকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
এদিকে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন। গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ঊরুর চোট পাওয়ার পর থেকে তিনি দলের বাইরে ছিলেন।
সিবিএফ সূত্র জানিয়েছে, রোববারের ম্যাচের আগে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে নরওয়ের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে তাকে দলে রাখা হবে কি না।
সূত্র: এএফপি
/এএসএফ