• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ এএম


কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালিস্ট মরক্কো!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুলাই ২০২৬ ৩:২৩ এএম

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল কানাডা। তবে সেই স্বপ্ন শেষ ষোলোর বাধায় থামিয়ে দিয়েছে মরক্কো। দারুণ নৈপুণ্য দেখিয়ে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মরক্কো। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচেই গোল করা ইসমাইল সাইবারি ২২ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে মাঠে নামেন সুফিয়ান রাহিমি।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বরং আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক কানাডা। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর একের পর এক দুর্দান্ত সেভে গোলবঞ্চিত থেকেই বিরতিতে যায় কানাডিয়ানরা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৪৯ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন এজেদিন উনাহি। আশরাফ হাকিমির নেওয়া ফ্রি-কিক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে কানাডার জালে বল পাঠান তিনি। রক্ষণভাগ ও সতীর্থ সুফিয়ান রাহিমির পায়ের ফাঁক গলে বল জড়িয়ে যায় জালে।

৮২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন উনাহি। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে বক্সে ঢুকে দারুণ এক শটে কানাডার গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার।

যোগ করা সময়েও আক্রমণ থামায়নি মরক্কো। পাল্টা আক্রমণ থেকে আবারও ব্রাহিম দিয়াজের পাস পান সুফিয়ান রাহিমি। গোলরক্ষকের সঙ্গে একা হয়ে সহজেই বল জালে জড়িয়ে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ আটে জায়গা নিশ্চিত করল তারা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স।

/এএসএফ